হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
বুধবার (৮ এপ্রিল) সকালে মারা যাওয়া তিন মাস বয়সী আদিবা নেত্রকোনা থেকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হামের লক্ষণের পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতাও ছিল তার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ শিশু।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ মার্চ থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ শিশু।
হাসপাতালের হাম মেডিক্যাল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের বয়স তিন মাস থেকে ১০ বছর পর্যন্ত। তবে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। রোগীদের চিকিৎসায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে।



