নায্যমূল্যের দাবিতে সড়কে ডিম ভেঙে ধামরাইয়ে খামারিদের প্রতিবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
মানববন্ধন
মানববন্ধন |নয়া দিগন্ত

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। এ সময় তারা সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান।

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় খামারিরা মহাসড়কের ওপর দাঁড়িয়ে শত শত ডিম ভেঙে বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানান।

মানববন্ধনে খামারিরা জানায়, পোল্ট্রি ফিড ও মুরগির ওষুধের দাম বেড়েই চলেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বাজার নিয়ন্ত্রণের কারণে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে খামারি দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে খামারিদের ব্যবসা থেকে তাড়িয়ে দেয়ার চক্রান্ত করছে বলেও তারা দাবি করেন।

ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ফিড ও ওষুধের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় ডিম-মুরগির দাম আমরা পাচ্ছি না। করপোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের দ্বারে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে এই কৃত্রিম সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছি।’

সমিতির সাধারণ সম্পাদক খোকন আহমেদ বলেন, উৎপাদন খরচই যেখানে উঠছে না, সেখানে খামার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে পোল্ট্রি ফিডের দাম না কমায় এবং ডিম-মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত না করে, তবে আমরা দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

খামারি সুজন মাহমুদ বলেন, ‘প্রান্তিক খামারিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। লোকসান গুনতে গুনতে অনেকে খামার বন্ধ করে দিয়েছেন। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে দেশের পোল্ট্রি শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং লাখ লাখ মানুষ বেকার হবে।’

এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন ) দেবাশীষ সানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটিয়ে কর্মসূচি শেষ করার অনুরোধ জানাই। অবশেষে তারা সুষ্ঠুভাবে সরে পড়েন মহাসড়ক থেকে।’