ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম : এনএসআই কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

গত ৪ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খাড়াসাড় তিন রাস্তার মোড়ে রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
হামলার শিকার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য রুস্তম আলী
হামলার শিকার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য রুস্তম আলী |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সদস্য রুস্তম আলীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো: মাসুদ আলমসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে আহত রুস্তম আলীর ছোট ভাই সোহেল আহমেদ আশুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খাড়াসাড় তিন রাস্তার মোড়ে রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

হামলার শিকার রুস্তম আলী উপজেলার খাড়াসাড় গ্রামের মরহুম কাঞ্চন মিয়ার ছেলে।

মামলায় অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রুস্তম আলীকে হত্যার চেষ্টা করা হয়। হামলায় তার বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজনকেও মারধর করা হয়। হামলার একপর্যায়ে আহত রুস্তম আলীর কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ারও অভিযোগ করা হয়েছে।

মামলায় এনএসআইয়ের যুগ্মপরিচালক মো: মাসুদ আলম, তার ভাই মাহবুব আলম, স্থানীয় সাবির মিয়া ও জালাল মিয়াসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি সোহেল আহমেদ বলেন, ‘এনএসআইয়ের যুগ্মপরিচালক মাসুদ আলম খাড়াসার গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও শেখ পরিবারের জামাই। এ সুবাদে আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার, মিথ্যা মামলা ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। সরকার পরিবর্তনের পরও তিনি ও তার ভাইরাপ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকায় সেই প্রভাব অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমার ভাইসহ নিরীহ মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

সূত্র আরো জানায়, মাসুদ আলমের ভাই রুবেল আলমও এনএসআইয়ের উপপরিচালক পদে কর্মরত রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাসুদ আলম ও রুবেল আলমের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল।

মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মাসুদ আলমসহ কোনো অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল আলম চৌধুরী বলেন, বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।