মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৪ নম্বর জিয়নপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তনের অভিযোগে দীর্ঘদিনের আইনি লড়াই শেষে অবশেষে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মো: আতোয়ার রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জিয়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মানিকগঞ্জ জেলা প্রশাসকের
কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়নপুর ইউনিয়নে ভোটগ্রহণ হয়। নির্বাচন শেষে ২৭ জানুয়ারি গেজেট প্রকাশ করা হয়। তবে ফলাফল ঘোষণার সময় নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, প্রকৃত ফলাফল পরিবর্তন করে বেলায়েত হোসেনকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
এ বিষয়ে আতোয়ার রহমান জানান, তিনি মোট ৬১০৪ ভোট পেয়েছিলেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পান ৪৩২০ ভোট। কিন্তু ফলাফল পাল্টে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ২০২২ সালের ২৭ জানুয়ারি মানিকগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, তৎকালীন ক্ষমতাসীন একটি প্রভাবশালী গোষ্ঠী তার মামলাটি প্রায় শেষ করে দেয়ার
চেষ্টা করে। এরপর আমি হাইকোর্টে রিট আবেদন করি।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি হাইকোর্ট আতোয়ার রহমানের পক্ষে রায় দেন। রায়ের প্রেক্ষিতে আজ ২ এপ্রিল ২০২৬ তারিখে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে আতোয়ার রহমান বলেন, ‘এই লড়াই শুধু আমার ব্যক্তিগত ছিল না, এটা ছিল ন্যায়ের জন্য সংগ্রাম। চার বছর ধরে অনেক বাধা, চাপ ও হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমি বিশ্বাস হারাইনি। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞ। তাদের দোয়া ও সমর্থন আমাকে শক্তি দিয়েছে। এখন আমার একটাই লক্ষ—জিয়নপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখা।’
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, নতুন করে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।



