সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ও জুয়াবিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মোহাম্মদ আলী (৪৫), মিটু মিয়া (২৮), দ্বীপক চন্দ্র দাস (৩৭) ও মিনার মিয়া।
পুলিশ জানায়, উজান তাহিরপুর গ্রামে সড়কের পাশের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় দোকান ও আশপাশে থাকা যুবকরা হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এ সময় চারজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং সাতজনকে আটক করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রনয় দে জানান, মাদক ও জুয়াবিরোধী অভিযানের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে সংশ্লিষ্ট কারবারি ও খেলোয়াড়রা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।



