মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দোহার বাইপাস অতিক্রম করে কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরা-আবদুল্লাহপুর থেকে মাওয়ামুখী গোল্ডেন লাইন পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা রাইদা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহন পিছন থেকে রাইদা পরিবহনকে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী আহত হন এবং কিছু যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে যান।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আটকে পড়া যাত্রীদের বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।



