সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই দিনে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩ মে) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার ভোরে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (সিলেট ব্যাটালিয়ন) আওতাধীন বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির জওয়ানরা।
অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, এ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি পাথরসহ জব্দ করা হয়। জব্দ চোরাইপণ্যের মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটক চোরাচালানী মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর দিকে শনিবার ভোরে ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (সিলেট ব্যাটালিয়ন) আওতাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করে। জব্দ পণ্য হচ্ছে ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ ও মোটরসাইকেল। জব্দ চোরাইপণ্যের মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১০ হাজার ৮৩৫ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাইপণ্য আটক করা হয়। আটক মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



