চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ৫৩ বোতল সিরাপ ও একটি পাখিভ্যানসহ সোহেল (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পাখিভ্যান জব্দ করা হয়।
আটক সোহেলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



