কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই নুর ইসলাম (৫৫) নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম ওই গ্রামের ওহাব মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে স্থানীয় পুকুরে পাট জাগ দেয়াকে কেন্দ্র নুর ইসলামের সাথে বড় ভাই কালাম মন্ডলের বাকবিতিণ্ডা শুরু হয়। একপর্যায়ে কালাম মন্ডল তার ছেলে জিতুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে নুর ইসলামের ওপর। এতে রক্তাক্ত জখম হয় নুরুল ইসলাম মন্ডল। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা: ইকবাল হাসান বলেন, ‘সংঘাতের ঘটনায় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
সংঘর্ষে আহত হন অভিযুক্ত বড় ভাই কালাম মন্ডল ও রুপম নামে আরো দু’জন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারাও।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।’



