বগুড়া অফিস ও দুপচাঁচিয়া সংবাদদাতা
বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার ঝাঝিড়া বাঙ্গালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মানিক উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
নিহত মানিকের ছেলে মুন্না চৌধুরী জানান, ঘটনার দিন সকালে তার বড় বাবা বুলুন চৌধুরীর ছাগল তালুচ পশ্চিমপাড়ার ফিরোজ হোসেন কাকরুলের চাষ করা ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়। মিসাংসার বিষয়টি কাকরুলের পছন্দ না হওয়ায় রাতে তার বাবা ঝাঝিড়া বাঙ্গালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তার বাবা মানিককে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’



