নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে এক হাজার লিটার মজুদকৃত তেল জব্দ করা হয়েছে এবং এর দায়ে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার প্রেট্রোল রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশিকুর রহমান।
অভিযুক্ত মো: মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক।
জানা যায়, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে অভিযুক্ত মো: মুকুল হোসেনের কাছে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয়, তিনি সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১৪০-১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন।
ওই অনিয়মের দায়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত পেট্রোল ও ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। চেয়ারম্যান সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল ও ডিজেলগুলো বিক্রয়ের ব্যবস্থা করেন।



