মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একাধিক অভিযানে জোরারগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
অভিযানে গ্রেফতাকৃতরা
অভিযানে গ্রেফতাকৃতরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, চোরচক্রের সদস্য, এটিএম কার্ড চুরিতে অভিযুক্ত ব্যক্তি ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬০০ গ্রাম গাঁজা জব্দসহ দুইটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা ও একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একাধিক অভিযানে জোরারগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার সবার বাড়ি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়।

পুলিশ জানায়, উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ গ্রাম গাঁজাসহ রাকিব হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, চুরি হওয়া দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে চোরচক্রের সক্রিয় সদস্য শাহিন সাজু শহীদ, জাবেদ হোসেন ওরফে রাব্বী ও সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া মায়ের এটিএম কার্ড চুরি করে ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়া, জোরারগঞ্জ থানার একটি মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।