সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা চলাচলে অভিযান পরিচালনা করলে চালকরা হাইওয়ে থানার সামনে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। এ সময় চার পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) আরিফুর ইসলাম, কনস্টেবল মহসিন আলী, রেকার সহকারী রতন সর্দার, পরিচ্ছন্নকর্মী মো: মোশাররফ হোসেন। আহত পথচারীর নাম জানা যায়নি।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন আকাশ আলী (২০) ও মো: জোবায়ের (২৫)। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত আটকরা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা ও সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অটোরিকশা চালকরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালান।
বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ।
অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২ হাজার ৬০০ টাকা করে রিকশা প্রতি হাতিয়ে নিচ্ছে।
বিক্ষোভকারীরা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রয়োজনে আমাদের আলাদা রাস্তা করে দেয়া হোক।
সাভার হাইওয়ে থানার সাজের্ন্ট শাহজাহান নয়া দিগন্তকে বলেন, ‘আমরা সড়ক ও পরিবহন আইনে ব্যবস্থা নিচ্ছি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



