গৌরীপুর জংশনে রেললাইনের পাত ভেঙে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনটি যাত্রাবিরতিকালে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে থামিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে এটি জরুরি সিদ্ধান্ত ছিল। ইতোমধ্যে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
গৌরীপুর জংশনে রেললাইনের পাত ভেঙে ট্রেন চলাচল বন্ধ
গৌরীপুর জংশনে রেললাইনের পাত ভেঙে ট্রেন চলাচল বন্ধ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাত ভেঙে যাওয়ার ঘটনায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়েছে। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রোববার দুপুরে জংশনের ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, জারিয়া থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে গৌরীপুর জংশনে

যাত্রাবিরতির সময় হঠাৎ রেললাইনের পাত ভেঙে যায়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি।

স্টেশনের হকাররা দ্রুত রেল কর্তৃপক্ষকে সতর্ক করলে নিরাপত্তার স্বার্থে ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য যাত্রী স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেয়া হয়নি।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ট্রেনটি যাত্রাবিরতিকালে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে থামিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে এটি জরুরি সিদ্ধান্ত ছিল। ইতোমধ্যে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, জংশনের অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, রেললাইনের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা আগে শনাক্ত করা গেল না কেন? নিয়মিত রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে সচেতন মহল।