চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে মাহাবুল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শ্যামপুর কবরস্থানের পাশের একটি বাশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহাবুল দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের আশাদুলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন কৃষক শ্যামপুর কবরস্থানের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ে মাহাবুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ঘটনাস্থলে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন দেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা বলেন, মাহাবুল নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করেছেন।



