বরিশালের গৌরনদীতে বজ্রপাতে পানবরজের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো এক শ্রমিক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভীমেরপাড় গ্রামের মরহুম আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার এবং উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা। আহত গোপাল সরকার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তৌকির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন আলিম হাওলাদার ও সুকান্ত বালা। একইসাথে হাসপাতালে আনা গুরুতর আহত গোপাল সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
স্থানীয়রা জানিয়েছেন, ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন ওই তিনজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং গোপাল গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’



