ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে লাশ দেখালেন বড় ভাই

বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা ভয়ঙ্কর রূপ নেয়। ক্ষিপ্ত হয়ে বড় ভাই হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নের ওপর ঝাঁপিয়ে পড়েন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নিহত নয়ন শেখ
নিহত নয়ন শেখ |নয়া দিগন্ত

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে ছোট ভাই নয়ন শেখকে (২১) হত্যার পর ভিডিও কলে পরিবারকে লাশ দেখিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন বড় ভাই হুমায়ুন শেখ (২৭)।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেচে শহরে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন ও ঘাতক হুমায়ুন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা ভয়ঙ্কর রূপ নেয়। ক্ষিপ্ত হয়ে বড় ভাই হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে নয়নের মৃত্যু হয়। হত্যার পরই ভিডিও কলে পরিবারের সামনে নয়নের লাশ দেখিয়ে নিজের অপরাধ স্বীকার করেন তিনি।

এ দিকে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

টংগিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ‘পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি।’

তিনি আরো বলেন, ‘নিহতের স্ত্রী আগেও পারিবারিক বিরোধ নিয়ে অভিযোগ করেছিলেন।’