চলতি বছরের ৪ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯৮ জন। জানুয়ারি-ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও কমেছে এপ্রিলে। গত মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। এর আগে মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও আহত হয়েছিলেন ৪৪ জন।
সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ৪ মাসের মধ্যে সিলেটে সর্বনিম্ন প্রাণহানি ঘটেছে। এপ্রিল মাসে বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জেলায় ৯টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নিসচার গত ৪ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল এই ৪ মাসে ৯৯টি সড়ক দুর্ঘটনায় ৯৮ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছেন।
এদিকে মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, গত এপ্রিলে সিলেট বিভাগে নিহত ১৫ জনের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১ জন সিএনজি ও টমটম চালক/যাত্রী, ৩ জন যানবাহনের চালক এবং ৫ জন পথচারী।
দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগার ঘটনাগুলো উল্লেখযোগ্য। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন।
উল্লেখ্য, এর আগের মাস মার্চে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছিলেন।



