বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নকল ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের সর্দারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত চারটি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত দু’টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
এর আগে, মঙ্গলবার (৫ মে) বগুড়া সদরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রথমে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো দু’জনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার ভুক্তভোগী রায়হান বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল দুপুরে এক ব্যক্তি যাত্রী সেজে তার ইজিবাইক ভাড়া নেয়। পরে টিএমএসএস হাসপাতালের কাছে গিয়ে নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে কৌশলে তাকে অন্যত্র পাঠিয়ে দেয়। ভুক্তভোগী ফিরে এসে তার ইজিবাইক ও ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।
অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুর এলাকায় বিক্রি করত। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে চারটি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক চুরি ও দস্যুতা মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।



