ময়মনসিংহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

রহমত আলী পাশের বায়রাউড়া গ্রামে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
বজ্রপাতে দু’জনের মৃত্যু
বজ্রপাতে দু’জনের মৃত্যু |প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনাগুলো ঘটে।

নিহত দু’জন হলেন— গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের পূর্ব কোনাপাড়া গ্রামের বাসিন্দা রহমত আলী (উজ্জল) ও গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের মমতাজ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী পাশের বায়রাউড়া গ্রামে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে যান মমতাজ আলী। এ সময় বজ্রাঘাতে আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দু’টি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠে কাজ না করার জন্য কৃষকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সবাইকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।