পূর্বধলায় মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

মোটরসাইকেলযোগে সুজাদুলসহ তিনজন ছোছাউড়া থেকে পূর্বধলা আসার পথে স্টেশন রোডে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
ট্রলির নিচে পিষ্ট হয়ে একজন নিহত
ট্রলির নিচে পিষ্ট হয়ে একজন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজাদুল হক (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত মোফাজ্জল হোসেন (২৮) ও আনাসকে (১২) প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া ইউনিয়নের একটি স্কুল সংলগ্ন স্টেশন রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাদুল হক ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। শিশু আনাস নিহত ব্যক্তির নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে সুজাদুলসহ তিনজন ছোছাউড়া থেকে পূর্বধলা আসার পথে স্টেশন রোডে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজাদুল ছিটকে পড়ে ট্রলির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং শিশু আনাস ও মোফাজ্জল গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে যাবার আগেই ট্রলিচালক পালিয়ে যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।