সিলেট বিভাগে হাম উপসর্গে এক দিনে সর্বোচ্চ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪৩ শিশুর হাম উপসর্গে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে দুই এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৪ শিশু। এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৩ জন শিশু।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের ১৬ (দু’জন রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৮৪ ও সিলেটের ৪২ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাইসা (পাঁচ মাস) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আলী আফসানের (৬) মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার মুসলিমা (১০ মাস) এবং সিলেট সদর উপজেলার রাশেদ আহমদের (১)। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সুনামগঞ্জ সদর উপজেলার শামিমার (৪) মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭, পার্কভিউ হাসপাতালে এক, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু ভর্তি হয়েছে।
এদিকে, বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৮৩ জন সন্দেহভাজন রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দুই, লায়ন্স শিশু হাসপাতালে সাত, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আট, আল হারামাইন হাসপাতালে দুই, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ শিশু ভর্তি রয়েছে।



