নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়নে গুরত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের এডিপি প্রণয়ণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নোবিপ্রবি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষে নতুন অ্যাকাডেমিক ভবন, স্টেম অ্যাক্সিলেন্স হাব, নতুন চারটি আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির প্রকল্প উপস্থাপন করা হয়। পাশাপাশি, নোবিপ্রবি ও তৎসংলগ্ন এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করতে লবণাক্ততা ও আয়রন দূরীকরণ কৌশল সম্বলিত অন্য একটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্রকল্পের জন্য প্রায় ৭০০ কোটি টাকার প্রস্তাব প্রাথমিক ধাপ অতিক্রম করেছে।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার উপযোগী করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এডিপিতে প্রকল্পগুলো অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য একটি বড় অর্জন।
তিনি বলেন, নতুন আবাসিক হল নির্মাণ, শিক্ষার্থীদের আবাসন সঙ্কট অনেকটাই দূর হবে। একই সাথে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সঙ্কটের সমাধান হবে।
প্রকল্প সবুজ পাতায় আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।



