চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-পশ্চিম) অভিযানে ৮ কেজি হেরোইন, ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে। এ সময় মো: আলী হোসাইন (৪২), মো: আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯) নামে তিন মাদককারবারীকে আটক করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় ডিবি পুলিশ এ অভিযান চালায়।
ডিবি পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বাসটিকে ধাওয়া করে আটক করে।
পরে বাসটি তল্লাশি করে পেছনের অংশে বডির নিচে বিশেষ কৌশলে লুকানো আটটি প্যাকেটে আট কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য আট কোটি টাকা। এছাড়া ৭০টি প্যাকেটে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যেগুলোর ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করে ডিবি। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা স্বীকার করে। তারা কক্সবাজার থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে এসব মাদক চট্টগ্রাম হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতার আলী হোসাইনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের বক্তব্য জানতে চাইলে তিনি চট্টগ্রাম মহানগর ডিবি অফিসের সাথে যোগাযোগের পরামর্শ দেন।



