নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ চারজন নিহতের আলোচিত ঘটনায় ট্রাকচালক মো: খোকন সাকিদারকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৩ (নীলফামারী) ও র্যাব-১২ (বগুড়া)।
গ্রেফতার ট্রাকচালক খোকন সাকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো: ইব্রাহিমের ছেলে। দুর্ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার (১২ জুলাই) দুপুরে প্রতিমা রানী রায় তার তিন সন্তানদের নিয়ে ভাসুর (স্বামীর বড় ভাই) পরিমল রায়ের ব্যাটারিচালিত অটোভ্যানযোগে নীলফামারীর ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এতে প্রতিমা রানী, তার দুই সন্তান ও ভাসুর পরিমল রায় নিহত হন। এ ঘটনায় নিহত প্রতিমা রানী অপর সন্তান ও আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর নিহত প্রতিমা রানীর স্বামী প্রদীপ চন্দ্র রায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ডোমার থানায় অজ্ঞাত পরিচয় ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ (নীলফামারী ক্যাম্প) অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বলেন, ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক ও হেলপার পলাতক ছিলেন। শনিবার রাতে র্যাব-১৩ (নীলফামারী) ও র্যাব-১২ (বগুড়া) যৌথ অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেফতার করে। আজ রোববার সকালে আসামিকে ডোমার থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।



