বরিশালের উজিরপুর মডেল থানার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো: মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মডেল থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।
ভবনটি ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ।
প্রধান অতিথি বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক এই ভবনের চারতলায় ৮০ জন পুরুষ পুলিশ সদস্য বাস করতে পারবেন। তিনতলার ৮টি কক্ষে থাকবেন নারী পুলিশ সদস্যরা। পাশাপাশি নিচতলা ও দোতলায় থাকছে সেবা গ্রহণকারীদের অভ্যর্থনা কক্ষ, নারী-শিশু ও প্রতিবন্ধী ডেস্ক, সেবা প্রদান কক্ষ, পরিদর্শকদের জন্য পৃথক কক্ষ, উপপরিদর্শক কক্ষ, কনফারেন্স কক্ষ, বেতার কক্ষ, সেবা গ্রহণকারীদের জন্য ওয়েটিং রুম, অস্ত্রাগার, পর্যবেক্ষণ ও সাক্ষাতকার কক্ষ।
তিনি আরো বলেন, ভবনে নারী-পুরুষ আসামিদের জন্য পৃথক হাজতখানা রয়েছে। কিশোর-কিশোরীদের জন্য পৃথক হাজতখানা আছে। ওই চারটি কক্ষে ৭০-৮০ জন আসামিকে রাখা যাবে। থানা ভবনে থাকছে প্রাথমিক চিকিৎসা কক্ষ।
পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করলে ডিআইজি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবসময় মনে রাখতে হবে পুলিশ জনগণের সেবক, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।
ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিং বিষয়ে কথা বলে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি, সাইবার ট্র্যাকিংসহ সকল আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।
তিনি থানাকে সাধারণ মানুষের জন্য আরো সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন।
মাদক, সন্ত্রাস ও অন্য সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সচেতন ও ভালো মানুষদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া যায়।
কোনো দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব ।
উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম প্রমুখ।



