ফুলতলা (খুলনা) সংবাদদাতা
খুলনার ফুলতলায় বাস, তেলের ট্যাঙ্কার ও বিএল কলেজের বাসের ত্রিমুখী সংঘর্ষে ছয় শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পরে হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে।
বুধবার (১৭) সকাল সোয়া ৮টার দিকে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা যোগিনীপাশা মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা যোগিনীপাশা মাদরাসা মোড়ে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রুপসা পরিবহনের বাসের সাথে খুলনাগামী তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তেলের ট্যাঙ্কারের পেছনে থাকা নওয়াপাড়া থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা বিএল কলেজের একটি বাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বিএল কলেজের ছয় শিক্ষার্থীসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়।
পরে, এলাকাবাসী ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়ে দেয়। আহতের মধ্যে বিএল কলেজের শিক্ষার্থী অভয়নগরের ধোপাধি গ্রামের লাবিবা (১৯), চেঙ্গুটিয়ার নাজমুন নাহার (১৮), নড়াইলের নারানদিয়ার রত্না রায় (২৭), শংকরপাশার মাইমুনা (২২), বসুন্দিয়ার সাবরিনা (২৪), ফুলতলার আলকা গ্রামের মাসুম বিশ্বাস (২৬) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশাল কুমার (২৪) ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। তবে রত্না রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য যাত্রীদেরকে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়।
হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।


