ঈদের ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার যাবজ্জীবনপ্রাপ্ত বন্দি

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় এবারের ঈদে সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
কারামুক্ত আব্দুল মালেক
কারামুক্ত আব্দুল মালেক |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন চুয়াডাঙ্গার আব্দুল মালেক নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। সারাদেশে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় মুক্তিপ্রাপ্ত চারজন কয়েদির মধ্যে একজন হলেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের বন্দি আব্দুল মালেক।

রোববার (২৪ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

মুক্তিপ্রাপ্ত আব্দুল মালেক চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদরাসাপাড়ার মরহুম মোন্তাজ মালিতার ছেলে। তার কয়েদি নম্বর ২৩০৫/এ।

কারা সূত্র জানায়, আব্দুল মালেক একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। একই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় এবারের ঈদে সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা কারাগারের আব্দুল মালেকও রয়েছেন। তিনি প্রায় ১১ বছর কারাভোগ করেছেন।

রোববার বিকেলে ই-মেইলে মুক্তির আদেশ কারাগারে পৌছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। এসময় কারাফটকে অপেক্ষমাণ স্বজনরা আবেগঘন পরিবেশে তাকে বরণ করে নেন।

মুক্তির সময় জেলা সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে আব্দুল মালেককে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি প্রদান করা হয়। এছাড়া কারা কর্তৃপক্ষ তার অনাদায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করে এবং তাকে নগদ এক হাজার টাকা সম্মাননা হিসেবে প্রদান করে।