ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নতুন করে আরো ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৮০ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তি ৯ মাস বয়সী এক শিশুর সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ২৮০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরো ১৯ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে হামের উপসর্গ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি সময়ে প্রকট আকার ধারণ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১০২ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ৯৭টি রিপোর্টে ৭০ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে বর্তমানে রোগীর সংখ্যা (৮০) শয্যার চেয়ে বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।



