কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোকবল হোসেন মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বেলা ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান।
গ্রেফতার মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি মো: আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে। এ সময় শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির গুলিবিদ্ধ হয়। তার মাথায় গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়।
পরে ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মুকুল চেয়ারম্যান।
গ্রেফতারের সময় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কোনো অন্যায়-অপরাধ করিনি, আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না আমি কারো ওপর কোনো অন্যায়, অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানি না।’
নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার মরহুম আলমগীর হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখাপড়ার পাশাপাশি সাব্বির অটোরিকশা চালিয়ে সংসার চালাত। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।
বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার সাব্বিরের দুই ভাই ও এক বোনকে নিয়ে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: মোকবল হোসেন মুকুলকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরের দিকে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।



