হালুয়াঘাটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার‎

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

Location :

Haluaghat
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার |প্রতীকী ছবি

‎হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চাঁদশ্রী গ্রামে মো: জুনায়েদ হোসেন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জুনায়েদকে ঘরের ভেতরে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, অনেকেই ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছেন। কেউ কেউ পরিকল্পিত হত্যার আশঙ্কাও প্রকাশ করেছেন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে হালুয়াঘাট থানার (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।