মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। বিকেলে স্টেশনের পশ্চিমে কাজিয়াটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। হাতে শাখা পরা রয়েছে। তিনি সনাতন ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



