নোয়াখালীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা সুবর্ণচর উপজেলার কৃষক মহি উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহি উদ্দিন কোম্পানীগঞ্জের গাংছিল গ্রামে পরিবার নিয়ে শশুর বাড়িতে বসবাস করেন। মাদরাসা বন্ধ থাকায় তারা নিজ বাড়ি সুবর্ণচরে আসেন। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের লাশ উদ্ধার করেন। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে তাদের নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।