‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী।
এর আগে র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.এন.এম মোরশেদ খান।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, পারিবারিক আপিল আদালতের বিচারক আবেদা সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খানসহ বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, এনজিও প্রতিনিধি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদা ইয়াসমিন এবং লিগ্যাল এইডের উপকারভোগী মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বছরের সেরা আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আব্দুল আহাদ ভূঁইয়াকে ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়।
এছাড়া মেলায় পাঁচটি স্টলে বিনামূল্যে রক্ত পরীক্ষা, বিভিন্ন আইনি বই এবং খাবার প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী বলেন, লিগ্যাল এইড কমিটির মামলাসহ অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করতে হবে। তিনি আইনজীবীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান, কারণ তাদের সততাই ন্যায়বিচার নিশ্চিত করবে।



