রাজবাড়ী ও গোয়ালন্দ সংবাদদাতা
রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদরাসায় শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ শিক্ষা শিবিরে জেলার গোয়ালন্দ পৌরসভা ও উপজেলাসহ বিভিন্ন উপজেলার রুকনরা অংশ নেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. বদর উদ্দিন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি ও নির্বাচনী বিভাগীয় প্রধান ফরিদপুর অঞ্চল আবু হারিস মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, আজকের এই রুকন শিক্ষা শিবির আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন করেই একজন রুকনকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করাই জামায়াতের মূল লক্ষ্য। সাহাবায়ে কেরামের মতো ঈমানের দৃঢ়তা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রুকনদের তাকওয়া, আনুগত্য ও আমানতদারিতার গুণে গুণান্বিত হতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই আমাদের চ্যালেঞ্জ। তাহলেই ইসলামী আদর্শের বাংলাদেশ গড়া সম্ভব।”
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান বলেন,রুকনিয়াত মানে শুধু সদস্যপদ নয়, এটা একটি আমানত। প্রতিটি রুকনকে নিজেকে কুরআনের আয়না দিয়ে যাচাই করতে হবে। দাওয়াতের কাজে আন্তরিকতা ও হিকমতের সাথে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। সংগঠনের শৃঙ্খলা ও একতা রক্ষা করাই রুকনদের প্রধান কাজ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা বদর উদ্দিন বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী জীবনব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে আমাদের মডেল হতে হবে। একজন রুকন হবেন তাকওয়াবান, সৎ ও আমানতদার।
ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি বলেন, “আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় রুকনদের জ্ঞান ও যোগ্যতা বাড়াতে হবে। পড়াশোনা, কর্মদক্ষতা ও নৈতিক চরিত্র - এই তিনের সমন্বয়েই একজন আদর্শ রুকন গড়ে ওঠে।
নির্বাচনী বিভাগীয় প্রধান আবু হারিস মোল্লা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য রুকনদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এখন সময়ের দাবি।
দিনব্যাপী শিক্ষা শিবিরে কুরআন-সুন্নাহ ভিত্তিক দারস, রুকন সিলেবাস অনুযায়ী তাকওয়া, আনুগত্য, দাওয়াত ও সংগঠনের দায়িত্ব-কর্তব্য বিষয়ে আলোচনা ও গ্রুপ স্টাডি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবির শেষ হয়।



