বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে একটি জুট মিলসংলগ্ন জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শাহজাহান আলী জানান, শাহ আলম তার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। সকালে স্থানীয় লোকজন জুট মিলের পাশের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। কারা এ ঘটনার সাথে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



