বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকার সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (২২ মে) ভোর ৪টার দিকে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসীন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে জানা গেছে নিহত যুবকের নাম মো: সাগর। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মো: মিন্টু সরকার ও লিলি বেগম দম্পতির ছেলে।
ওসি আরো জানান, প্রাপ্ত পরিচয় অনুযায়ী নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



