সাবেক বাণিজ্যমন্ত্রীর পিসি কালেক্টর নুর গ্রেফতার

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে মহানগরীর মাহিগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গ্রেফতার নুর আলম
গ্রেফতার নুর আলম |নয়া দিগন্ত

রংপুরের পীরগাছায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর বিভিন্ন খাতের পিসি কালেক্টর নুর আলমকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে মহানগরীর মাহিগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার নুর কল্যাণী ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মাহফুজুর রহমান জানান, নুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা আছে। এছাড়াও আন্দোলনে হত্যাচেষ্টা, হামলা ও অর্থ জোগান দেয়ার মামলার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী ও তাজহাট থানার এজাহারভুক্ত আসামি। এ তিনটি মামলাতে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

তিনি জানান, ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় এসে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন।

পুলিশের তদন্ত সূত্রগুলো জানিয়েছে, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর বিভিন্ন কার্যক্রমের অর্থনৈতিক লেনদেনের টাকা কালেকশন করতেন নুর। এছাড়াও চেয়ারম্যানের বিভিন্ন বরাদ্দ লুটপাটের সাথেও জড়িত তিনি। আওয়ামী লীগ সরকারের আমলেন এলাকায় টিপু মুনশির ক্ষমতা ও অবৈধ প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিপুল পরিমাণ বিত্তের মালিক হন তিনি।

এছাড়াও মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীকে (৪৫) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘গ্রেফতার জিলানী তাজহাট আশরতপুর এলাকার কেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।’