দৌলতদিয়ায় জালে ধরা পড়ল ২৫ কেজির কাতলা, প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছ
২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছ |নয়া দিগন্ত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা জানান, সকালে রোজাউল মণ্ডলের আড়তে মাছটি উঠলে তিনি প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন। পরে ওই মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিলে ঢাকার এক শিল্পপতি তা কেনার জন্য যোগাযোগ করেন। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ যোগ করে ঢাকার গুলিস্তানের এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করেন তিনি।

তিনি বলেন, ‘এত বড় কাতলা মাছ এখন নদীতে খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি আড়তে আসার পরপরই অনেকেই দেখতে ভিড় করেন। আমার দোকানে আনার পরও মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।’

স্থানীয় জেলেরা জানায়, পদ্মা নদীতে আগের মতো বড় আকারের মাছ এখন আর তেমন পাওয়া যায় না। নদীর নাব্যতা, পরিবেশগত পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরার কারণে বড় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে মনে করছেন তারা।

এদিকে বিশাল আকারের এই কাতলা মাছ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।