নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেটে চা-চক্র

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দেয়া হয়
সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দেয়া হয় |নয়া দিগন্ত

নিউইয়র্কপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, টাইম টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেটে এক প্রাণবন্ত আড্ডা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

অনুষ্ঠানে সিলেটের গত চার দশকের সাংবাদিকতার নানা স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, কিশোর বয়সে সিলেট থেকে সাংবাদিকতা শুরু করে আবু তাহের আশি ও নব্বইয়ের দশকে ঢাকায় কূটনৈতিক প্রতিবেদক হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বাংলা ও মূলধারার গণমাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

মুকতাবিস-উন-নূর বলেন, “আবু তাহের ছিলেন সিলেট প্রেসক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য। মাত্র ১৪-১৫ বছর বয়সে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তিনি একজন সৎ, সাহসী, পেশাদার ও নির্ভীক সাংবাদিক।”

তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হলে আবু তাহের হয়তো বিপুল সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তিনি সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন। একজন সাংবাদিকের প্রকৃত অর্জন সম্মান ও গ্রহণযোগ্যতা, যা তিনি অর্জন করেছেন।”

জবাবে আবু তাহের তার সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “সিলেটীজম একটি ইতিবাচক বিষয়। সিলেট এগিয়ে গেলে বাংলাদেশও এগিয়ে যায়।” তিনি সিলেটের সাংবাদিকতার সোনালি দিনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।

টাইম টেলিভিশনের যাত্রা প্রসঙ্গে আবু তাহের বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এ গণমাধ্যমের পথচলা শুরু হয়েছে। কমিউনিটির স্বার্থ রক্ষার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বিষয়ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।

বক্তারা সাংবাদিকতা পেশার পরিবর্তিত বাস্তবতা, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও আবু তাহের দেশের সাংবাদিকতা ও বাংলা ভাষার গণমাধ্যমের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তারা আবু তাহেরকে নিয়ে এ আয়োজনের জন্য জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

চা-চক্রে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।