নোবিপ্রবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাব।
শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। হামলার সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয়া হয় এবং তাদের সাথে অসদাচরণ করা হয় বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ বাধাগ্রস্ত হবে।
নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিব ও সাধারণ সম্পাদক সাজিদ খান যৌথ বিবৃতিতে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।



