ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা
ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার মো: শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো: আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে নাদিয়া ও আবির খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নাদিয়ার বাবা মো: শহীদ বলেন, পরিবারে আমার এক ছেলে ও এক মেয়ে। নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। দুই শিশুর লাশ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।



