মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের 'খালেক ফকির বাজার' এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সিয়াম হাওলাদার (১৮) শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়ন বড় কেশবপুর গ্রামের মো. হারুন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কুতুবপুর বাজারের দিকে যাচ্ছিল সিয়াম হাওলাদার। খালেক ফকির বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক সিয়াম সড়কের ওপর ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



