সোনারগাঁওয়ে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার : মায়ের দাবি পরিকল্পিত হত্যা

রোববার (১৭ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া নির্জন বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁও থানা
সোনারগাঁও থানা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া নির্জন বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল উপজেলার বারদী ইউনিয়নের গ্রাম পুলিশের মহিলা সদস্য ফুলেছা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি নির্জন বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের মা ফুলেছা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার আগে কয়েক বন্ধু ফোন করে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো না। তাকে হত্যা করা হয়েছে।’

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।