দুই দিনে পূর্ব সুন্দরবনে ১৮ জেলে অপহরণ

সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মূর্তিমান আতঙ্কের নাম জাহাঙ্গীর বাহিনী। জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া হয়ে সুন্দরবনে জেলেদের জিম্মী করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা |নয়া দিগন্ত

পূর্ব সুন্দরবনে থামছেই না জেলে অপহরণ। গত দুই দিনে বনদস্যুরা আরো ১৮ জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে বুধবার (২০ মে) দিবাগত রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে ছয় জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, বুধবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে ছয় জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেরা হচ্ছেন— শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আপন দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) ও পাথরঘাটার পদ্মা গ্রামের হাসিব (২১)। অন্য আর একজন জেলের নাম জানা যায়নি।

এছাড়া গত মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরা অবস্থায় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে জেলেদের একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেরা হচ্ছেন— পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮),ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

এছাড়াও দস্যুদের কব্জায় আরো কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পড়া ছিল বলে ওই মৎস্য ব্যবসায়ী জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মূর্তিমান আতঙ্কের নাম জাহাঙ্গীর বাহিনী। জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া হয়ে সুন্দরবনে জেলেদের জিম্মী করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে।

সুন্দরবন দস্যুমুক্ত করতে আগের মতো র‌্যাবের অভিযান পরিচালনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলে ও মৎস্যজীবীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের একজন কর্মকর্তা বলেন, বনদস্যুদের কারণে এ বছর সুন্দরবনে মধু ও মাছের রাজস্ব আয় কমে গেছে। দস্যুদের ভয়ে অনেকেই মধু আহরণ ও মাছ ধরতে সুন্দরবনে যায়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো: মিজানুর রহমান বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মোবাইলফোনে জানান, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ছয় জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে ১৮ জেলে অপহরণের খবর তার জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’