পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাসূল সা:-এর আদর্শকে ধারণ করার লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার ক্রসিং গোল চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখার আমির মাস্টার মনির আবছার চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: সর্বপ্রথম বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। তার ধারাবাহিকতায় আমরা আজ অব্দি এ কর্মসূচি পালন করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এছাড়া গাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। গাছ মানবদেহ থেকে নির্গত কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।’
গাছ লাগানোকে হাদিস শরিফে উত্তম ইবাদত বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একে সদকায়ে জারিয়া বলা হয়েছে।’
তিনি বলেন, ‘মহানবী সা: বলেছেন- যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষর চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্য পাখপাখালি খাবে, এ সবই তার জন্য সদকা।’
তিনি আরো বলেন, ‘গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী সা: বলেছেন- তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও।’
এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।



