এবার মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের অবশিষ্ট অংশ (নাড়া) পোড়াতে গিয়ে কৃষকের ১৫ বিঘা গম, তামাকসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে গমের নাড়া পোড়ানোর জন্য কৃষক আজিজুল ইসলাম আগুন দিলে সেখান থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে সেই আগুনে মাঠের গম, ভুট্টা, তামাক, শ্যালো মেশিন ও আমের গাছ পুড়ে যায়। গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোখতোলা মাঠে নাড়ার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কৃষক রুহুল আমিনের দুই বিঘা, বদরুল ইসলামের চার বিঘা জমির গমসহ ভুট্টা ও ১০-১৫ বিঘা জমির তামাকের আংশিক অংশ পুড়ে গেছে। এছাড়া কৃষক শাহিনুজ্জামান, মজনুর রহমান ও হাসেম আলীর তিনটি শ্যালো মেশিন ও তিনকাঠা জমির আমের গুটি পুরোপুরি পুড়ে গেছে। তবে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
উল্লেখ্য, গত দুই দিনে গাংনী উপজেলার গোপালনগর, চাতরের মাঠে শতাধিক বিঘা জমির গমক্ষেত, একই উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা-পলাশীপাড়া মাঠে আট থেকে ১০ বিঘা জমির গমক্ষেত ও কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠেও গমক্ষেতে আগুন ছড়িয়ে পড়ে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এসব ঘটনার পর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে গম কাটার পর অবশিষ্ট নাড়া না পোড়ানোর জন্য সতর্ক করে মাইকিং ও মসজিদে মসজিদে খুতবায় সচেতন করেছেন। তারপরও কৃষকরা সচেতন না হয়ে একই কাজ বারবার করছেন।


