লোহাগড়ায় ২টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

‘খাল আপনাদের, কাজ বুঝে নেয়ার দায়িত্বও আপনাদের। যদি কোনো অসঙ্গতি দেখতে পান আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
খাল পুনঃখননের উদ্বোধন, (ডানে) বক্তব্য রাখছেন এমপি মো: আতাউর রহমান বাচ্চু
খাল পুনঃখননের উদ্বোধন, (ডানে) বক্তব্য রাখছেন এমপি মো: আতাউর রহমান বাচ্চু |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪টার দিকে কৃষ্ণপুর খাল পুনঃখননের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমির মো: আতাউর রহমান বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হিমায়েত হোসেন, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, কর্মপরিষদ সদস্য মো: জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ, লোহাগড়া পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: আকতার হোসেন মোল্লা, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

লোহাগড়া প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক লোহাগড়া উপজেলায় দু’টি খালের ১.৭৫০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। যার ব্যয় ধরা হয়েছে এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ছয় শত উনত্রিশ টাকা। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার ও লাহুড়িয়া খাল ১১০০ মিটার পুনঃখনন করা হবে।

কৃষ্ণপুর খাল পুনঃখননের উদ্ধোধন শেষে বিকেল ৫টার দিকে লাহুড়িয়া খালের পুনঃখনন কাজের উদ্ধোধন করেন এমপি আতাউর রহমান বাচ্চু।

এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, ‘খাল আপনাদের, কাজ বুঝে নেয়ার দায়িত্বও আপনাদের। যদি কোনো অসঙ্গতি দেখতে পান আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’