গেজেট প্রকাশ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন বিএনপির জীবা আমিনা ও এনসিপির মাহমুদা মিতু

সংরক্ষিত আসনের এ দুই নারী এমপি আশা প্রকাশ করেন, সংসদে ঝালকাঠির উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
বিএনপির জীবা আমিনা (বাঁয়ে) ও এনসিপির ডা: মাহমুদা মিতু
বিএনপির জীবা আমিনা (বাঁয়ে) ও এনসিপির ডা: মাহমুদা মিতু |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জীবা আমিনা খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা: মাহমুদা মিতু। এরা দু’জনই ঝালকাঠির সন্তান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপির মনোনীত প্রার্থী জীবা আমিনা খান ঝালকাঠির নবাব পরিবারের সন্তান। তিনি দলটির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: মাহমুদা আলম মিতু। তার পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ঝালকাঠি ও বরিশালে। তিনি বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ঢাকায় শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

সংরক্ষিত আসনের এ দুই নারী এমপি আশা প্রকাশ করেন, সংসদে ঝালকাঠির উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সংসদে আসন সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত-এনসিপি জোট পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে একটি আসন।