টঙ্গীবাড়ীতে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু

উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন কৃষক মিজান ঢালী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বজ্রপাতে দু’জনের মৃত্যু
বজ্রপাতে দু’জনের মৃত্যু |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে ও দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন কৃষক মিজান ঢালী ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন কৃষক মিজান ঢালী। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।

একই দিনে পৃথক দুই স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: নূরে আলম সিদ্দিক বলেন, বজ্রপাতে আহত দু’জনে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে, এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।